আজ বুধবার, ২৭ মে, ২০২৬ || ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ বুধবার, ১২:৩০ পূর্বাহ্ন
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬   |   sonalisandwip.com
​পরিচ্ছন্ন নগরী গড়তে জমিয়াতুল ফালাহ এলাকায় যুবদলের সচেতনতামূলক লিফলেট বিতরণ

আবদুল হান্নান হীরা  (চট্টগ্রাম) II
পবিত্র ঈদুল আজহায় কোরবানির পশুর বর্জ্য দ্রুত ও সুচারুভাবে অপসারণের লক্ষ্যে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সিটি কর্পোরেশন। আসন্ন ঈদে নগরীকে পরিচ্ছন্ন ও দূষণমুক্ত রাখতে কর্পোরেশনের আওতাধীন ৪১টি সাধারণ ওয়ার্ডের প্রতিটিতে একটি করে মোট ৪১টি বর্জ্যবাহী গাড়ি সার্বক্ষণিক স্ট্যান্ডবাই  রাখা হবে বলে জানিয়েছেন সিটি কর্পোরেশনের মেয়র।
​মেয়র আরও বলেন, পশু জবাইয়ের পর পর যেন দ্রুততম সময়ের মধ্যে বর্জ্য অপসারণ করে নির্দিষ্ট ডাম্পিং স্টেশনে নিয়ে যাওয়া যায়, সে লক্ষ্যে কর্পোরেশনের পরিচ্ছন্নতা বিভাগ ও যান্ত্রিক বিভাগ যৌথভাবে কাজ করবে। মেয়র জানান, পশুর হাটের ময়লা এবং ঈদের দিনের বর্জ্য দ্রুত সরাতে ঈদের দিন ভোর থেকেই বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে। নগরবাসীকে নির্দিষ্ট স্থানে পশু জবাই এবং বর্জ্যগুলো কর্পোরেশনের সরবরাহকৃত বিশেষ জায়গায় রাখার জন্য তিনি বিশেষভাবে আহ্বান জানান।

​এদিকে, কোরবানির বর্জ্য যত্রতত্র না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলার মাধ্যমে পরিবেশ সুরক্ষায় নগরবাসীকে সচেতন করতে ব্যাপক উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর যুবদল এরই ধারাবাহিকতায় আজ নগরীর ঐতিহ্যবাহী জমিয়াতুল ফালাহ জাতীয় মসজিদ এলাকায় সর্বসাধারণের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে নগর যুবদল।
​লিফলেট বিতরণকালে উপস্থিত জনসাধারণের উদ্দেশে নগর যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক এমদাদুল হক বাদশাহ বলেন, পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগের শিক্ষা দেয়। তবে কোরবানির পর পশুর বর্জ্য সঠিকভাবে ব্যবস্থাপনা না করলে তা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি হয়ে দাঁড়ায়। নগরবাসী যেন এবার সর্বোচ্চ সচেতনতার পরিচয় দেন, সেজন্যই আমরা যুবদলের পক্ষ থেকে এই গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি হাতে নিয়েছি।
​এমদাদুল হক বাদশাহ  আরও বলেন, আমাদের  নগরীর সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করার দায়িত্ব আমাদের সবার। বর্ষা মৌসুমের কারণে বৃষ্টি হলে যত্রতত্র ফেলা বর্জ্য নালা-নর্দমায় গিয়ে জলাবদ্ধতা তৈরি করতে পারে। তাই রাস্তাঘাট, খোলা মাঠ, ড্রেন, খাল কিংবা নালায় যেন কোনোভাবেই কোরবানির বর্জ্য ও রক্ত ফেলা না হয়, সে বিষয়ে আমরা সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানাচ্ছি। আসুন, সচেতন নাগরিক হিসেবে নিজ নিজ দায়িত্ব পালন করে প্রশাসনকে একটি পরিচ্ছন্ন ও সুস্থ নগরী উপহার দিতে সহযোগিতা করি।
​লিফলেট বিতরণকালে স্থানীয় যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। তারা মসজিদের মুসল্লি, পথচারী এবং স্থানীয় ব্যবসায়ীদের হাতে লিফলেট তুলে দেন এবং বর্জ্য অপসারণে সচেতন হওয়ার আহ্বান জানান।
এসময় উপস্থিত ছিলেন, নগর যুবদলের সাবেক সহ সভাপতি নাছির উদ্দীন চৌধুরী নাছিম, নগর যুবদলের সাবেক সহ অর্থ সম্পাদক জিয়াউল হক মিন্টু, লায়ন এমএ মসন্নান,নগর যুবদল নেতা জাবেদুল হক, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাদ্দামুল হক সাদ্দাম, রহিম মিনু,সালাহউদ্দিন বাপ্পি, নগর ছাত্রদলের সাবেক সহসভাপতি সালেহ নূর নাছিম, চকবাজার থানা ছাত্রদলের সাবেক সিনিয়র সহসভাপতি রাকিবুল হাসান রাকিব, রিয়াছ,কামাল প্রমুখ।