আজ বুধবার, ১৩ মে, ২০২৬ || ৩০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ বুধবার, ০৪:০০ অপরাহ্ন
মঙ্গলবার, ১২ মে, ২০২৬   |   sonalisandwip.com
ইসলামি আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলার উদ্যোগে স্পিডবোট সিন্ডিকেটের দৌরাত্ম্যের প্রতিবাদে মানববন্ধন

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর উদ্যোগে সন্দ্বীপে স্পিডবোট ভাড়া নিয়ে দীর্ঘদিনের অরাজকতা, যাত্রী হয়রানি ও সিন্ডিকেটের দৌরাত্ম্যের প্রতিবাদে মঙ্গলবার বিকেল ৫টায় মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সন্দ্বীপ উপজেলা কমপ্লেক্স প্রাঙ্গণে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, সরকারিভাবে স্পিডবোট ভাড়া ২৬০ টাকা নির্ধারণ করে গেজেট প্রকাশ করা হলেও তা বাস্তবায়ন করা হচ্ছে না। বরং পরিকল্পিতভাবে স্পিডবোট চলাচল সীমিত বা বন্ধ রেখে ২০০ টাকা ভাড়ায় সার্ভিস ও মালবাহী বোট পরিচালনা করা হচ্ছে। এতে প্রতিদিন সাধারণ যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন।

বক্তারা আরও বলেন, একটি স্বার্থান্বেষী সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে সন্দ্বীপের মানুষকে জিম্মি করে রেখেছে। দ্রুত ও নিরাপদ যাতায়াতের জন্য স্পিডবোটের ওপর নির্ভরশীল যাত্রীরা বাধ্য হয়ে অনিরাপদ ও ধীরগতির বিকল্প পরিবহন ব্যবহার করছেন। এতে শিক্ষার্থী, চাকরিজীবী, রোগী ও ব্যবসায়ীরা সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়ছেন।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা মীর ইসমাইল হোসাইন, সেক্রেটারি মাওলানা সুলতানুল ইসলাম ভূইয়া, সহ-সভাপতি হাফেজ মহিব্বুল্লাহ, সন্দ্বীপ উত্তর শাখার সভাপতি মাওলানা জোবায়ের হোসাইন, সহ-সভাপতি মাস্টার মিলাদ হোসাইন, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি মাওলানা সানাউল্লাহ, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সন্দ্বীপ উপজেলা শাখার সভাপতি নাজমুস সাকিব আবরার, ক্বারী জাহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

মানববন্ধন থেকে ৬ দফা দাবি তুলে ধরা হয়। দাবিগুলো হলো—
১. সরকারি গেজেট অনুযায়ী স্পিডবোট ভাড়া ২৬০ টাকা বাস্তবায়ন করতে হবে।
২. ফেরি, জাহাজ ও সি-ট্রাক প্রতিদিন অন্তত ২ ট্রিপ চালুর ব্যবস্থা করতে হবে।
৩. বর্ষা মৌসুমে নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে হবে।
৪. রাত্রীকালীন অন্তত একটি সার্ভিস চালু রাখতে হবে।
৫. নাব্যতা সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
৬. আগামী ২৪ ঘণ্টার মধ্যে দাবি বাস্তবায়ন না হলে কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।

বক্তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে বলেন, সাধারণ মানুষের দুর্ভোগ লাঘবে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে।