আজ শুক্রবার, ২০ মার্চ, ২০২৬ || ৬ চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ শুক্রবার, ০৮:১৫ অপরাহ্ন
শুক্রবার, ২০ মার্চ, ২০২৬   |   sonalisandwip.com
ইফতারের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদের সাথে রমজানের আনন্দ ভাগাভাগি

পবিত্র মাহে রমজান ১৪৪৭ হিজরী উপলক্ষে বুধবার (২৫ ফেব্রুয়ারি ২০২৬) দৃষ্টি প্রতিবন্ধীদের সম্মানে দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করেছে বেতার শ্রোতা সংগঠন সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ। সিলেট নগরীর পশ্চিম জিন্দাবাজার জল্লারপাড় রোডস্থ গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) কার্যালয়ে বিকেল ৪টায় এই আয়োজন করা হয়।

সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক) বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও রেডিও এক্টিভিস্ট দিদারুল ইকবাল (S21DAL) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় ক্লাবের প্রধান উপদেষ্টা ও বাংলাদেশ বেতারের সাবেক পরিচালক ড. মির শাহ আলম (S21MIR)।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ বেতার, সিলেটের আঞ্চলিক পরিচালক মো. মোমিনুর রহমান, মেট্রোপলিটন ল’ কলেজ, সিলেটের অধ্যক্ষ ড. এম শহীদুল ইসলাম অ্যাডভোকেট, রিকাবিবাজার আধুনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ কয়েস আহমেদ, গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খাঁন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রতিবন্ধীরা শুধু মানবসমাজের অবিচ্ছেদ্য অংশই নয়, তারা আমাদেরই পরিবারের সদস্য। সমাজ ও পরিবারের অন্য সদস্যদের মতো প্রতিবন্ধীদের অধিকার, মৌলিক চাহিদা পূরণ এবং তাদের স্বাভাবিক ও সম্মানজক জীবনযাপনে আমাদের দায়িত্বশীল ভূমিকা রয়েছে। ইসলামেও প্রতিবন্ধীদের মানবিক মর্যাদা ও অধিকার প্রতিষ্ঠায় মানুষকে সচেতন হওয়ার ব্যাপারে গুরুত্ব প্রদান করেছে। প্রতিবন্ধীদের প্রতি দয়া-মায়া, সেবা-যত্ন, সুযোগ-সুবিধা ও সাহায্য-সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়া সকল সুস্থ ও সামর্থ্যবান মানুষের নৈতিক ও ধর্মীয় দায়িত্ব। আজ আমরা সকলে ইফতারের মাধ্যমে দৃষ্টি প্রতিবন্ধীদের সাথে রমজানের আনন্দের ভাগীদার হতে পেরে গর্বিত।

এসময় উপস্থিত ছিলেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- লাক্কাতুরা চা বাগান ইউনিট, সদর, সিলেটের সভাপতি বিক্রম রায়, সাধারণ সম্পাদক সমিত গঞ্জু ও সদস্য মো. সাজ্জাদ হোসেন, সাউথ এশিয়া রেডিও ক্লাব (সার্ক)- শাহপরান ইউনিট, সিলেটের সদস্য মো. মামুনুর রশীদ, সাংবাদিক রায়হান আহমদ, গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশনের হিসাব রক্ষক মো. শাহ জাহান, শিক্ষক মো. আফজাল শিকদার ও সরুপা বেগম, সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, সহায়ককর্মী নূরজাহান বেগম, ছাত্রী তাহমিনা আক্তার মৌমি, অহনা বেগম, জুই রানী দাস, আফসানা আক্তার মুন্নী, ছাত্র তোফায়েল হোসেন ও সমির রঞ্জন বিশ্বাস প্রমুখ।

অনুষ্ঠানে দোয়া পরিচালনা করেন, গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) এর ধর্মীয় শিক্ষক মাওলানা আনিসুল হক।